পশ্চিমবঙ্গ

কলকাতা বিমানবন্দরে এটিসি ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে তিনটি ইউনিট

কলকাতা, ১৮ আগস্ট – মঙ্গলবার ভোরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ আগুনের ফুলকি দেখতে পেয়ে বিমানবন্দরের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডটি বড় আকার ধারণ না করায় অল্প সময়ের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয় এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর চারটার দিকে ভবনের তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, ১৫ আগস্ট উপলক্ষে করা আলোকসজ্জার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এটিসি ভবনের অষ্টম তলা থেকে বিমান চলাচলের মূল নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হয়। আগুন তৃতীয় তলায় সীমাবদ্ধ থাকায় বিমান ওঠানামায় কোনো বিঘ্ন ঘটেনি। ফলে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম এবং বিমান চলাচল অব্যাহত রয়েছে।

এস এম/ ১৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language