টাঙ্গাইল

মির্জাপুরে ইয়াবাসহ সাবেক যুবলীগ নেতার স্ত্রী ও ২ সহযোগী গ্রেপ্তার

টাঙ্গাইল, ২৯ মে – টাঙ্গাইলের মির্জাপুরে ৭০ পিস ইয়াবাসহ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জিএস সেলিম সিকদারের সহধর্মিণী রুবি আক্তার কনাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার আরও দুই সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার রাতে উপজেলা সদরের কলেজ রোডের মনসুর টাওয়ারে তার ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুই সহযোগী হলেন— পৌর সদরের পুষ্টকামুরী খালপাড়ার মৃত শাহাবুদ্দিনের ছেলে স্বপন মিয়া (৪৮) ও পাশ্ববর্তী সখিপুর উপজেলার হতিয়া রাজাবাড়ি গ্রামের রশিদ দেওয়ানের ছেলে সজিব দেওয়ান (৩১)।

পুলিশ জানায়, গ্রেপ্তার রুবি আক্তার কনা তার সহযোগীদের নিয়ে ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবারি চালিয়ে আসছিলেন। গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়ে বুধবার রাতে তার ভাড়া বাসায় অভিযান চালায় থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ ইয়াবা বাথরুমে ফেলে দেয়। তারপরও বাসা তল্লাশি করে ৭০ পিস ইয়াবা উদ্ধার ও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার নারীসহ তিনজনের নামে মাদক আইনে মামলা নেয়া হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ২৯ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language