দেশে হামের প্রাদুর্ভাব: সোমবার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী টিকাদান কর্মসূচি

ঢাকা, ১৯ এপ্রিল – দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল সোমবার ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে অন্তত ২১৩ শিশু। প্রাদুর্ভাব মোকাবিলায় গত ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি ভিত্তিতে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
পরবর্তীতে ১২ এপ্রিল ঢাকার ৪টি সিটি করপোরেশন এলাকাকেও এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। গত শুক্রবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ২০ এপ্রিল থেকে দেশব্যাপী বড় পরিসরে হামের টিকা দেওয়ার কাজ শুরু হবে। তিনি আরও বলেন, দেশে টিকার কোনো সংকট নেই। তাই সাধারণ মানুষকে যে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, কেবল হামের কারণে সাধারণত মৃত্যু হয় না। মৃত শিশুদের অধিকাংশেরই হামের পাশাপাশি শারীরিক অন্যান্য জটিলতা ছিল। তাই শিশুদের হাম হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম সফল করতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন তারা। চিকিৎসকরা আরও জানান, টিকা দেওয়ার পাশাপাশি শিশুদের পর্যাপ্ত পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি।
এস এম/ ১৯ এপ্রিল ২০২৬









