আইএমএফের ঋণে জনগণকে জিম্মি করা হয়েছিল: অর্থ উপদেষ্টা

ঢাকা, ১৯ এপ্রিল – আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তির মাধ্যমে দেশের জনগণকে জিম্মি করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, জনগণের কাছে কোনো দায়বদ্ধতা না থাকায় বিগত স্বৈরাচারী সরকার এমন শর্তে রাজি হয়েছিল। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিক সক্ষমতা বিষয়ক এই সেমিনারে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার আইএমএফ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিগুলোকে সম্মান করে। তবে দেশের স্বার্থবিরোধী কোনো বিষয় থাকলে তা গভীরভাবে পর্যালোচনা করা হবে। আইএমএফের শর্ত প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, সংস্থাটি তাদের শর্ত পরিবর্তনের কথা বললেও আমাদের ক্ষেত্রে তা সীমাবদ্ধ রাখা হয়েছে। দেশের বর্তমান ৩ শতাংশ প্রবৃদ্ধির অর্থনীতিতে কর ও জিডিপি অনুপাত ৯.২ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা অর্জন কতটা বাস্তবসম্মত তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
ভর্তুকি ও মূল্যস্ফীতি প্রসঙ্গে তিতুমীর বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম না বাড়লেও বিগত সরকার দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়েছিল। বর্তমানে ডিজেলের দাম বাড়ালে কৃষক ক্ষতিগ্রস্ত হবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তাই সরকার দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি আইএমএফের তথ্যের বরাত দিয়ে বলেন যে, গত তিন বছরে দেশে দারিদ্র্য বেড়েছে। অথচ দরিদ্র কৃষকদের জন্য কার্ডের ব্যবস্থা করতে চাইলে আইএমএফ সরাসরি ভর্তুকি দিতে নিষেধ করছে, যা এক ধরনের দ্বিমুখী আচরণ।
সেমিনারের গেস্ট অব অনার এবং সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, আইএমএফের ঋণের শর্ত পূরণে জটিলতা দেখা দিলে তা বাজারে নেতিবাচক সংকেত দিতে পারে। তিনি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ওপর জোর দেন এবং বলেন যে গত কয়েক বছরে ঋণের সুদ মেটাতেই বড় অংকের অর্থ ব্যয় হয়েছে।
রাজস্ব আদায় না বাড়ালে দেশ ঋণের ফাঁদে পড়ার ঝুঁকিতে থাকবে বলেও তিনি সতর্ক করেন। সেমিনারে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান রুগ্ন শিল্পকারখানাগুলো চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া ব্যাংক রেগুলেশন বিল এবং অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দৌলত আকতার মালা।
এস এম/ ১৯ এপ্রিল ২০২৬









