কক্সবাজার

টেকনাফ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন, রক্ষা পেলেন চার যাত্রী

কক্সবাজার, ১৯ এপ্রিল – কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে একটি যাত্রীবাহী প্রাইভেটকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৭টার দিকে টেকনাফের বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন ধরে গেলেও এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাড়িটি টেকনাফের শাপলা চত্বর থেকে চারজন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে হঠাৎ ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। তবে আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় গাড়ির চালক মো. ফিয়ার আলম অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। জানা গেছে, ভস্মীভূত গাড়িটির মালিক টেকনাফের কচুবনিয়া এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে গেলেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন আর ছড়াতে পারেনি।

এস এম/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language