ময়মনসিংহে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৪

ময়মনসিংহ, ১৯ এপ্রিল – ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে চৌদ্দ জনে। রবিবার দুপুরে হাসপাতালের হাম ওয়ার্ডের ফোকাল পারসন ডা. গোলাম মাওলা মৃত্যুর এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা তিন মাস বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি গত নয় এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিল। হামের পাশাপাশি শিশুটি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও চৌত্রিশ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটির বিশেষায়িত ওয়ার্ডে মোট আটাত্তর জন শিশু চিকিৎসাধীন রয়েছে। সংক্রমণ প্রতিরোধে চিকিৎসকরা বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।
এস এম/ ১৯ এপ্রিল ২০২৬









