আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাকা, ১৬ মে – সারা দেশের অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির দ্বিতীয় ধাপ লিখিত পরীক্ষা আগামী ২৮ জুন (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
বৃহস্পতিবার (১৫ মে) এ বিষয়ে বার কাউন্সিলের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল সারা দেশের অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ (নৈর্ব্যত্তিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪০ হাজারের অধিক পরীক্ষার্থীর মধ্য থেকে ১৩ হাজার ২৫৮ জন উত্তীর্ণ হন।
মূলত, তিন ধাপের নৈর্ব্যত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে দেশের অধস্তন আদালতগুলোতে প্র্যাকটিস করতে পারেন। একবার নৈর্ব্যত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হলে দুই বার লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিন বার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।
এদিকে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে খাতা পুনর্মূল্যায়নের (রিভিউ) জন্য ১৫৪৫ জনের মধ্যে ৫৭৪ জন পাস করেছেন। পাশাপাশি তৃতীয় পরীক্ষকের কাছে থাকা ৭৯ জনের মধ্যে ৪৩ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদের দ্রুত সময়ের মধ্যে নোটিশ দিয়ে ভাইভা পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও জানা গেছে।
সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ১৬ মে ২০২৫









