জাতীয়

ঢাকায় মুষলধারে বৃষ্টিতে জনজীবনে স্বস্তি, বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস

ঢাকা, ২১ জুন – মৌসুমি বায়ু সক্রিয় থাকার ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। রবিবার বিকেলে ঢাকায় মুষলধারে বৃষ্টি নামে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর প্রভাবের কারণে ঢাকা ও এর আশপাশের এলাকায় এই বৃষ্টির ধারা রাতেও অব্যাহত থাকতে পারে। এমনকি সোমবার দুপুরের পর আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু বর্তমানে বেশ সক্রিয় রয়েছে। মধ্যাঞ্চলে এর প্রভাব তুলনামূলক কম হলেও মাঝেমধ্যেই বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। গত কয়েকদিন ধরে ঢাকায় তীব্র গরম অনুভূত হচ্ছিল। বৃষ্টির ফলে ভ্যাপসা গরমের অস্বস্তি কেটে গিয়ে আবহাওয়ায় কিছুটা শীতলতা ফিরে এসেছে।

বর্ষা মৌসুমে নিয়মিত বৃষ্টি না হলে সাধারণত এ ধরনের ভ্যাপসা গরম তৈরি হয় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এনএন/ ২১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language