পিএসসি প্রশ্নফাঁসকাণ্ডে আলোচিত আবেদ আলীর ছেলে সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন

ঢাকা, ১৭ জুন – জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালত আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ প্রদান করেন।
আগামী ৯ জুলাই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম। সরকারি কর্ম কমিশনের প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে হলেন এই সিয়াম।
মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য তাকে এদিন কারাগার থেকে বিশেষ আদালতে হাজির করা হয়। দুর্নীতি দমন কমিশনের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে সিয়ামের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম আদালতকে জানান যে তার মক্কেল নির্দোষ এবং তাকে যেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ প্রদান করেন। বিচারক আসামির কাছে জানতে চান তিনি দোষী নাকি নির্দোষ। সেই সময় সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলাটি দায়ের করেন দুদকের উপ সহকারী পরিচালক জাকির হোসেন।
মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তদন্ত শেষে গত বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়ার কথা উল্লেখ করেছেন।
এস এম/ ১৭ জুন ২০২৬









