উত্তর আমেরিকা

কমলা হ্যারিসকে ‘উগ্র বাম পাগল’ বললেন ট্রাম্প

ওয়াশিংটন, ২৬ জুলাই – বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘উগ্র বাম পাগল’ বলে অভিহিত করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় সমাবেশ করেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট। এই সমাবেশেই তিনি তার সম্ভাব্য নতুন নির্বাচনী প্রতিপক্ষ কমলাকে আক্রমণ করে বক্তব্য দেন।

বাইডেন সরে দাঁড়ানোয় আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলাই কার্যত ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী। কমলার প্রার্থিতার বিষয়টি সামনে চলে আসার পর ট্রাম্প তার করা প্রথম সমাবেশে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে আক্রমণের নিশানা করলেন।

কমলাকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘তিনি একজন উগ্র বাম পাগল, যিনি কখনো নির্বাচিত হলে আমাদের দেশকে ধ্বংস করে দেবেন। আমরা তা হতে দেব না।’

বাইডেন প্রশাসনের সীমান্ত ইস্যু তুলে কমলাকে আক্রমণ করেন ট্রাম্প। বলেন, ‘অভিবাসন বিষয়ে বাইডেন প্রশাসনের নীতির জন্য কমলাকে দায়ী করা উচিত।’

ট্রাম্প বলেন, ‘কমলা যুক্তরাষ্ট্রের সীমান্ত উন্মুক্ত করে দিয়েছেন। এর ফলে সারা বিশ্ব থেকে দুই কোটি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢোকার সুযোগ পেয়েছে।’

গর্ভপাত বিষয়ে কমলার অবস্থান নিয়েও তাকে আক্রমণ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, অষ্টম ও নবম মাসেও গর্ভপাতের পক্ষে কমলা। তিনি শিশুহত্যার পক্ষে।

উল্লেখ্য, কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী, প্রথম এশিয়ান-আমেরিকান, যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ৫ নভেম্বরের নির্বাচনে জয়ী হলে তিনি হবেন প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৬ জুলাই ২০২৪


Back to top button
🌐 Read in Your Language