ক্রিকেট

বিয়ে করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ, পাত্রী কে?

ঢাকা, ১১ জুলাই – সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচের মধ্যে ৩টিতে জিতে সুপার এইটে উঠে গিয়েছিল বাংলাদেশ। এই পর্বের বাঁধা আর অতিক্রম করতে পারেনি টাইগাররা। তবে আপন আলোয় উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সফল বিশ্বকাপ শেষ করে এবার জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখলেন দীর্ঘদেহী এই লেগ স্পিনার।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের কথা জানিয়েছেন রিশাদ। পোস্টে নিজের একটি ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে এই তারকা লেখেন, ‘বিয়ে করলাম। গাঁটছাড়া বাঁধার সংবাদটি সবাইকে জানাতে পেরে আমি রোমাঞ্চিত। ভালোবাসা, আনন্দ এবং অফুরন্ত আশীর্বাদে আমাদের ভবিষ্যৎ পূর্ণ হোক।’

পাত্রী সম্পর্কে কোনো তথ্য দেননি রিশাদ। তবে বিয়ে যে নিজের এলাকা নীলফামারীতে বসে করেছেন সেটি ফেসবুকের স্থান নির্দেশক ‘চেক ইন’ দিয়ে জানিয়ে দিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ক্রিকেটার বলা যায় রিশাদকেই। প্রতিযোগিতার নবম এই আসরে সবমিলিয়ে ৭ ম্যাচে ২৫ ওভার বোলিং করেছেন। যেখানে ২১ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন। যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি।

আসরটির সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চার নম্বরেও আছেন রিশাদ। এর আগে, ২০২১ আসরে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। ২০২৪ আসরে তার সমান ১১টি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিবও।

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত ৩টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা হয়েছে রিশাদের। ৫০ ওভারের ক্রিকেটে মাত্র ১ উইকেট নিলেও সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে নেওয়া হয়ে গেছে ২৯ উইকেট।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১১ জুলাই ২০২৪


Back to top button
🌐 Read in Your Language