মাইক্রোবাস চাপায় পথচারী নিহত

কুমিল্লা, ২৪ জুন – ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে মাইক্রোবাস চাপায় মো. মোস্তফা (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এসময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পিলারে ধাক্কা খায়। পরে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায় চালক।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুয়াগাজী চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার জয়মঙ্গলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। সে পেশায় সিএনজিচালক।
স্থানীয়রা জানায়, নিহত মোস্তফা তার সিএনজি স্থানীয় একটি গ্যারেজে রেখে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মোস্তফা নিহত হন। স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত করে বাড়িতে নিয়ে যায়।
সোমবার সকালে ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল বাহার বলেন, আমি সকালে জানতে পেরেছি। সাথে সাথেই ফোর্স পাঠিয়েছি।
সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ২৪ জুন ২০২৪









