মুন্সিগঞ্জ

পদ্মায় রেল ও ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্কুলছাত্র নিখোঁজ

মুন্সীগঞ্জ, ১২ এপিল – মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিনজনের মধ্যে রিয়াদ আহমেদ রাজু ও মো. জুয়েলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনো নিখোঁজ রয়েছেন ছেলে রামিন আরিদ।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করেছে।

দিঘিরপাড় পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আনসার উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মো. জুয়েল (৪০) ও রিয়াদ আহমেদ রাজু (৪৫) নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মো. জুয়েল ঢাকা ব্যাংকের কর্মকর্তা আর রাজু বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। তার উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

এর আগে বিকেলে ট্রলারে করে ঢাকা থেকে আসা ৩০-৩৫ জন মিলে দিঘিরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয়। পরে তারা বেশ কয়েকজন ট্রলার থেকে গোসল করতে নামে।

এ সময় রামিন নদীর স্রোতে ভেসে যেতে থাকলে তার বাবা রিয়াদ আহমেদ রাজু ও খালু মো. জুয়েল উদ্ধার করতে গিয়ে তারাও স্রোতে ভেসে নিখোঁজ হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌপুলিশ।

সূত্র: কালবেলা
আইএ/ ১২ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language