পশ্চিমবঙ্গ

শোভন-বৈশাখীর রোড শোয়ে না কলকাতা পুলিশের

কলকাতা, ৩ জানুয়ারি- সদ্য বিজেপিতে পদ পেয়েছেন শোভন এবং বৈশাখী। আর তা পাওয়ার পরেই আগামিকাল সোমবার পথে নামার কথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের।

তাঁর সঙ্গেই পা মেলানোর কথা রয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়েরও। সেই রোড শো-র অনুমতি দিল না পুলিশ। রোড শোয়ের রুট বদলেও, মিলল না পুলিশের অনুমতি। সপ্তাহের প্রথম দিন রোড শো হলে যান চলাচল স্তব্ধ হতে পারে। এই কারণে অনুমতি নয়।

সোমবার দুপুর ৩টে নাগাদ আলিপুর চিড়িয়াখানার সামনে থেকে হাজরার দিকে যাওয়ার কথা ছিল এই রোড শো। সেখানে থেকে সেই রোড শো যেত মুরলীধর সেন লেন। এরপর রুট বদলে তারাতলা ব্রিজ ঘুরে মুরলিধর সেন লেন পর্যন্ত যাওয়ার কথা থাকলেও, সেই অনুমতিও মেলেনি।

যদিও বিজেপির দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই মিছিলে অনুমতি দিচ্ছি না পুলিশ। তবে মিছিল হবে বলেই আত্মবিশ্বাসী বঙ্গ বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত, দীর্ঘদিন হয়ে গিয়েছে বিজেপিতে যোগ দিয়েছেন শোভন-বৈশাখী! কিন্তু সেভাবে সামনের সারিতে দেখা যায়নি তাঁদেরকে। কিন্তু সম্প্রতি বিজেপির তরফে শোভন-বৈশাখীকে বড় উপহার বঙ্গ বিজেপির। দেওয়া হয়েছে নয়া পদ। আর সেই পদ পাওয়ার পরেই পথে নামছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। র‍্যালিতে অংশ নেবেন বিজেপির কলকাতা জোনের নতুন পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়।

তিনি ছাড়াও আর নয় অন্যায় কর্মসূচিতে যোগ দেবেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়। থাকবেন বিজেপির কলকাতা জোনের সহ আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে যে, এই মিছিল থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেন শোভন-বৈশাখী।

উল্লেখ্য, ২০১৯-এর ১৪ অগাস্ট দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়। মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। শোভনের সঙ্গেই বিজেপিতে নাম লেখান বৈশাখীও। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার প্রায় কয়েক বছর কেটে গেলেও সেভাবে বিজেপির কোনও অনুষ্ঠানে তাঁদের দেখা যায়নি।

দূরে থেকে বিজেপির বিরুদ্ধে বারবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বৈশাখীকে! বিজেপিতে থেকেও শোভন কখনও ভাইফোঁটা নিতে চলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে, আবার রাজ্য সরকারের আয়োজনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে শোভন-বৈশাখীকে দেখা গিয়েছে সামনের সারিতে।

শোভন-বৈশাখীর এহেন আচরণে রীতিমত অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে।

আরও পড়ুন :  সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফোনে বেশ কিছুক্ষণ কথা

যদিও সম্প্রতি রাজ্য সফরে এসে নিউটাউনের হোটেলে অমিত শাহর সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এরপরেই বিজেপিতে বড় পদ দেওয়া হয় শোভনকে। দেওয়া হয় বৈশাখীকেও। আর সেই পদ পাওয়ার পরেই কলকাতার রাস্তায় শোভন-বৈশাখী ঝড় উঠতে চলেছে! এমনটাই মত রাজনৈতিকমহলের।

যদিও শোভন চট্টোপাধ্যায় কিংবা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি নিয়ে তেমনটা ভাবতে নারাজ তৃণমূল। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, নামবে তো নামুক। মানুষের সঙ্গে ওদের কোনও যোগাযোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নেতা তৈরি করেন, আর বিজেপি তাদেরই ভাঙিয়ে নিয়ে যায়।

সূত্র: কলকাতা২৪x৭

আর/০৮:১৪/৩ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language