পশ্চিমবঙ্গ

কলকাতায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কলকাতা, ২৭ জুলাই – কলকাতায় কর্মরত গণমাধ্যমকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

গত শুক্রবার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কয়েকটি ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের মিছিল চলাকালে এই হামলার ঘটনা ঘটে। মিছিলটি শিয়ালদহ রেলস্টেশন থেকে শুরু হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত যাওয়ার কথা ছিল।

অভিযোগ উঠেছে যে কর্মসূচির এক পর্যায়ে আন্দোলনের নামে একদল উশৃঙ্খল ব্যক্তি সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং ব্যাপক তাণ্ডব চালায়। এই হামলায় কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত ক্যামেরা ও সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে।

বিক্ষুব্ধ সাংবাদিকরা সোমবার কলকাতা প্রেস ক্লাব থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি ডোরিনা ক্রসিং এলাকায় পৌঁছালে সেখানে তারা এক মানববন্ধনে মিলিত হন। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ কর্মসূচি শেষে আট সদস্যের একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি জমা দেন। এই প্রতিনিধি দলে হামলায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে সাংবাদিক নিগ্রহের এই ঘটনায় রাজ্য সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ এরই মধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

এস এম/ ২৭ জুলাই ২০২৬


Back to top button