মধ্যপ্রাচ্য

বিশ্বজুড়ে ৪ বছরের সংঘাতের তুলনায় গাজায় নিহত হয়েছে বেশি শিশু

জেরুজালেম, ১৩ মার্চ – গত ৪ বছরে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ-সংঘাতে যত শিশু নিহত হয়েছে গাজা যুদ্ধে তার চেয়ে বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ইউএনআরডব্লিউএ-এর প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, ‘বিস্ময়কর। গাজায় মাত্র ৪ মাসে নিহত শিশুর সংখ্যা বিশ্বজুড়ে ৪ বছরের যুদ্ধে নিহত শিশুর সংখ্যার চেয়ে বেশি।’

পোস্টে জাতিসংঘের একটি পরিসংখ্যানও তুলে ধরেছেন ফিলিপ লাজারিনি। যেখানে দেখা যাচ্ছে, ২০১৯ সাল থেকে ২০২২ সালের মধ্যে বিশ্বব্যাপী সংঘাতে ১২ হাজার ১৯৩ শিশুর প্রাণহানি হয়েছে।

অন্যদিকে গত বছরের অক্টোবর থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত গাজায় ১২ হাজার ৩০০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে।

লাজারিনি বলেন, ‘এই যুদ্ধ শিশুদের বিরুদ্ধে যুদ্ধ। এটি তাদের শৈশব এবং ভবিষ্যতের বিরুদ্ধে যুদ্ধ।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। পাশাপাশি ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস।

তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। চার মাসের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় গাজায় ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৭০ শতাংশেরও বেশি নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি।

গত বছরের নভেম্বরে কাতারের মধ্যস্থতায় প্রথমবারের মতো যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে ইসরায়েলি কারাগার থেকে ২৪০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছিল, যার মধ্যে ৭১ জন মহিলা এবং ১৬৯টি শিশু রয়েছে। বিনিময়ে ২৪ বিদেশিসহ মোট ১০৫ জনকে মুক্তি দিয়েছে হামাস। হামাসের কাছে এখনো প্রায় ১৩০ জন জিম্মি রয়েছে বলে দাবি ইসরায়েলের।

সূত্র: ঢাকা টাইমস
আইএ/ ১৩ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language