মধ্যপ্রাচ্য

ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন আব্বাস আরাগচি

তেহরান, ২৭ এপ্রিল – যুক্তরাষ্ট্রের অহেতুক দাবি ও অনড় অবস্থানের কারণে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আলোচনা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর পর তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের এই শীর্ষ কূটনীতিকের বিশেষ বৈঠকের কথা রয়েছে।

আব্বাস আরাগচি বলেন যে আলোচনার অগ্রগতি সত্ত্বেও শেষ পর্যন্ত মার্কিন প্রশাসনের অতিরিক্ত চাহিদার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালায় এবং বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।

এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়। টানা ৩৯ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। এই সময়ের মধ্যেই পাকিস্তানে শান্তি আলোচনায় বসেছিল দুই দেশ। কিন্তু সেই আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়। সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একক সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য এর মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র পুনরায় সংলাপের চেষ্টা চালালেও ইরান এখন পর্যন্ত দ্বিতীয় দফায় আলোচনায় বসতে রাজি হয়নি।

এস এম/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language