মধ্যপ্রাচ্য

একের বদলে চারটি হামলার হুমকি: যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুঁশিয়ারি দিল ইরান

তেহরান, ২৭ এপ্রিল – মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলোকে সরাসরি এবং কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর একটি হামলা চালায়, তবে তার চার গুণ শক্তিশালী পাল্টা জবাব দেওয়া হবে। বিশেষ করে মার্কিন সমর্থনকারী উপসাগরীয় দেশগুলোর তেল শোধনাগার এবং প্রতিরক্ষা পরিকাঠামো লক্ষ্য করে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাঘাব ইসফাহানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন যে, যদি আমাদের কোনও তেল শোধনাগার বা প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়, তবে হামলাকারীদের সমর্থনকারী দেশগুলোতে একই ধরনের স্থাপনায় চার গুণ শক্তিশালী হামলা চালানো হবে। তিনি আরও স্পষ্ট করে বলেন যে তাদের হিসাব খুব পরিষ্কার। ইরানের একটি তেল শোধনাগারে আঘাত এলে পাল্টা জবাব হিসেবে সংশ্লিষ্ট মিত্র দেশগুলোর চারটি তেল শোধনাগার ধ্বংস করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক হুমকির প্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে এই পাল্টা অবস্থান জানানো হয়েছে। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে যুদ্ধবিরতি বা সমঝোতায় না পৌঁছালে ইরানের তেলের পাইপলাইনগুলো উড়িয়ে দেওয়া হবে। একটি টিভি সাক্ষাৎকারে ট্রাম্প আরও উল্লেখ করেন যে ইরান সমঝোতা না করা পর্যন্ত জলপথ অবরুদ্ধ রাখা হবে।

প্রয়োজনে তাদের তেল রফতানি ব্যবস্থা সম্পূর্ণ অকেজো করে দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। এদিকে পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করলেও সেই উদ্যোগের সাফল্য নিয়ে এখনও সংশয় কাটেনি।

এস এম/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language