মধ্যপ্রাচ্য

ইসরায়েলি অগ্রযাত্রা রুখতে পুরোনো আত্মঘাতী রণকৌশলে ফিরছে হিজবুল্লাহ

বৈরুত, ২৭ এপ্রিল – ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলমান যুদ্ধে নিজেদের রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, তারা পুনরায় আশির দশকের গেরিলা ও আত্মঘাতী রণকৌশলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

লেবাননের ভূখণ্ডে ইসরায়েলকে স্থায়ী ঘাঁটি নির্মাণে বাধা দিতেই এই আত্মঘাতী স্কোয়াড পুনরায় সক্রিয় করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ সামরিক নেতা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হিজবুল্লাহর পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যে অধিকৃত অঞ্চলগুলোতে বিপুলসংখ্যক আত্মঘাতী বোমা হামলাকারী মোতায়েন করা হয়েছে।

এই বিশেষ বাহিনীর মূল লক্ষ্য হবে দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর কর্মকর্তা ও সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালানো।

এদিকে ইসরায়েলের সাথে ভবিষ্যৎ আলোচনার বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে লেবানন সরকার। প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, যেকোনো ধরনের আলোচনার জন্য প্রথম এবং প্রধান শর্ত হলো যুদ্ধবিরতি। মার্কিন মধ্যস্থতাকারীদেরও বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছে।

লেবাননের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইসরায়েলকে দেশটির আকাশ, স্থল বা নৌপথে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে হবে। প্রেসিডেন্ট কার্যালয়ের ওই বিবৃতিতে হিজবুল্লাহর প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে বলা হয়েছে যে, দেশের ভেতরে অন্য কোনো গোষ্ঠীর বিপরীতমুখী অবস্থানের কোনো বৈধতা নেই।

বিদেশি স্বার্থ হাসিলের জন্য দেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়া সমর্থনযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়। তবে হিজবুল্লাহর নেতারা জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে।

এনএন/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language