উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা পূর্বপরিকল্পিত ছিল: আনোয়ার গারগাশ

দুবাই, ২৭ এপ্রিল – উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর ওপর ইরানের সাম্প্রতিক হামলাগুলো অত্যন্ত সুপরিকল্পিত ছিল বলে অভিযোগ করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ। তিনি দাবি করেন, তেহরানের এই তৎপরতা কোনো আকস্মিক বা ক্ষণস্থায়ী প্রতিক্রিয়া নয়, বরং এর তীব্রতা ছিল প্রত্যাশার চেয়ে অনেক বেশি। সোমবার দুবাইয়ের আটলান্টিস দ্য পাম এ আয়োজিত গালফ ক্রিয়েটরস শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।
উত্তেজনার সময়ে জোটের পুনর্মূল্যায়ন নামক এই অধিবেশনে গারগাশ উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যের দেশগুলো দীর্ঘ সময় ধরে যুদ্ধ এড়াতে সচেষ্ট ছিল। বিশেষ করে ইরানের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে একটি অলিখিত বোঝাপড়া বজায় রেখেছিল দেশগুলো। তবে প্রতিবেশীদের বিরুদ্ধে ইরানের এই আগ্রাসন কোনোভাবেই স্বতঃস্ফূর্ত ছিল না। কূটনৈতিক এই উপদেষ্টা বলেন, ইরানের প্রতি চলমান নিয়ন্ত্রণ নীতি ব্যর্থ হওয়ার পর এখন এই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি পুনর্মূল্যায়নের সময় এসেছে।
তিনি জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও সামরিক সমন্বয়ের দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গারগাশ বলেন, আরব লীগের দুর্বলতায় তিনি অবাক না হলেও উপসাগরীয় দেশগুলোর সমন্বয়হীনতা তাকে বিস্মিত করেছে। তিনি মনে করেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে এখন সতর্ক ও আপোষমূলক সুর ত্যাগ করে আরও বাস্তবসম্মত অবস্থানে আসতে হবে। আনোয়ার গারগাশ আরও বলেন, পারমাণবিক অস্ত্র না থাকা সত্ত্বেও ইরান বর্তমানে একটি পরাশক্তির মতো আচরণ করছে।
এমতাবস্থায় দেশটি যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তবে পরিস্থিতির ভয়াবহতা কোন পর্যায়ে যাবে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এই সংকট মধ্যপ্রাচ্যে একটি গভীর আস্থার ঘাটতি তৈরি করেছে যা দীর্ঘস্থায়ী হতে পারে বলে তিনি সতর্ক করেন। সম্পর্কের উন্নয়ন ঘটলেও আস্থা পুনর্নির্মাণে কয়েক দশক সময় লাগতে পারে বলে তিনি মনে করেন। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের যেকোনো সিদ্ধান্ত আবেগ দিয়ে নয় বরং যৌক্তিক দিক বিচার করে নেওয়া হবে কারণ আগ্রাসনের পরের পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসবে না।
এস এম/ ২৭ এপ্রিল ২০২৬









