মধ্যপ্রাচ্য

বিশ্ববাজারে ফের তেলের দাম বৃদ্ধি: হরমুজ প্রণালী অবরোধের প্রভাব

তেহরান, ২৭ এপ্রিল – মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনা ও হরমুজ প্রণালী অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও উর্ধ্বমুখী হয়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ২.২ শতাংশ বেড়ে ১০১.৩৪ ডলারে পৌঁছেছে। আগের দিন এর দাম ছিল ৯৯.১৩ ডলার। পাশাপাশি মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১.৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৬.১৯ ডলার হয়েছে। গত এক সপ্তাহে তেলের এই মূল্যবৃদ্ধি যুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও তেলের বাজার স্বাভাবিক হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে।

একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের ফলে বিশ্বজুড়ে জ্বালানির ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে যা স্বল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়। সংকটের গভীরতার কারণে প্রচুর তেলবাহী জাহাজ প্রণালীতে আটকে থাকায় বাজারের ভারসাম্য ফেরাতে দীর্ঘ সময় প্রয়োজন। বিশ্লেষকদের মতে, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় নিকট ভবিষ্যতে তেলের দাম উঁচুতে থাকার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বর্তমানে সরবরাহ সংকট এবং মজুত পূরণের অনিশ্চয়তা নিয়ে শঙ্কিত রয়েছেন।

উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী তেহরানের নিয়ন্ত্রণে রয়েছে। এর ফলে এশিয়াসহ বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। অন্যদিকে পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে। এই প্রস্তাবের লক্ষ্য হলো দ্রুত একটি চুক্তির মাধ্যমে অবরোধ তুলে নেওয়া এবং সামুদ্রিক যান চলাচল স্বাভাবিক করা।

তবে হোয়াইট হাউস এই প্রস্তাবের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, তিনি ইরানের ওপর চাপ বজায় রাখতে নৌ অবরোধ চালিয়ে যাওয়ার পক্ষপাতী। তিনি মনে করেন, প্রণালী বন্ধ থাকলে ইরান অভ্যন্তরীণ চাপের মুখে পড়বে। পারমাণবিক আলোচনা ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থান যুদ্ধবিরতির স্থায়ীত্ব নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

এস এম/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language