পুতিনের হাতে খামেনির বিশেষ বার্তা পৌঁছে দিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

মস্কো, ২৭ এপ্রিল – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি বিশেষ বার্তা হস্তান্তর করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব এবং বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার ঘটনার পর থেকে মস্কো ও তেহরান নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখছে।
বৈঠকে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন যে ইরান এবং এই অঞ্চলের অন্যান্য রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষায় রাশিয়া প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। রাশিয়ার এই অটল সমর্থনের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অবস্থান ও লড়াই অপরিবর্তিত থাকবে।
কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে চলমান আলোচনার বর্তমান অবস্থা পর্যালোচনার জন্য পুতিন শীঘ্রই রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসবেন।
ক্রেমলিন থেকে জানানো হয়েছে যে তারা যেকোনো সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে সহযোগিতা করতে প্রস্তুত। যদিও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে যে ইরানকে ড্রোন সরবরাহ এবং মার্কিন সামরিক স্থাপনার লক্ষ্যবস্তু সংক্রান্ত গোয়েন্দা তথ্য আদান প্রদানে উভয় দেশ সম্মত হয়েছে তবে রাশিয়া সরাসরি সামরিক সরঞ্জাম সরবরাহের দাবি প্রত্যাখ্যান করেছে।
এনএন/ ২৭ এপ্রিল ২০২৬









