রবিবার দেশে ফিরছেন সাকিব

ঢাকা, ২ জানুয়ারি- অসুস্থ শ্বশুরকে দেখতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষ দুই ম্যাচ না খেলেই যুক্তরাষ্ট্র চলে গিয়েছিলেন সাকিব। তাকে ছাড়াই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় জেমকন খুলনা। কিন্তু যুক্তরাষ্ট্র গিয়ে আর শ্বশুর মমতাজ আহমেদকে জীবিত পাননি তিনি। সাকিব সেখানে পৌঁছানোর আগেই পরপারে পাড়ি জমান সাকিবের যুক্তরাষ্ট্র প্রবাসী শ্বশুর মমতাজ আহমেদ।
এদিকে দেখতে দেখতে চলে আসছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ। আগামী ১০ জানুয়ারি রাজধানী ঢাকায় আসবে ক্যারিবিয়রা। একইদিন শুরু হবে জাতীয় দলের অনুশীলন। তাই দলের সঙ্গে যোগ দিতে কাল রবিবার ( ৩ জানুয়ারি) ঢাকায় আসছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
আরো পড়ুন: নতুন অতিথির অপেক্ষায় সাকিব?
রবিবার সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের (কিউআর-৬৪০) ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কথা সাকিবের। সাকিবের সঙ্গে তার মা শিরিন আক্তারও দেশে ফিরবেন বলে সূত্র জানিয়েছে।
দেশে আসার আগেই অবশ্য নিজের ভক্ত-সমর্থকদের দারুণ এক সুখবর দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নতুন বছরের প্রথম দিনেই জানিয়েছেন, তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি। শুক্রবার সাকিব নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন এ খবর।
সূত্র: ইত্তেফাক
আর/০৮:১৪/২ জানুয়ারি









