আইন-আদালত

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব সোমবার মন্ত্রিসভায় উঠছে

ঢাকা, ১১ অক্টোবর- ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর খসড়া আগামীকাল সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভায় উঠছে।

রোববার (১১ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আইনের ৯(১) ধারায় পরিবর্তন আনা হচ্ছে। এই ধারায় ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করে প্রস্তাব করা হবে। আইনের আরও কয়েকটি ধারায় ছোট ছোট পরিবর্তন আনা হচ্ছে।

মন্ত্রিসভায় আইনটি সংশোধনের প্রস্তাব অনুমোদন পেলে তা জাতীয় সংসদে পাসের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কার্যকর হবে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দেশে সাম্প্রতিক সময়ে কয়েকটি ধর্ষণের ঘটনার পর ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে শাহবাগ, মতিঝিলসহ রাজধানীর কয়েকটি স্থানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলন করছে।

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সংশোধিত আইনের খসড়া মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

দেশের বিভিন্ন স্থানেও একই দাবিতে আন্দোলনের মধ্যে সরকার ধর্ষণের শাস্তি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ধর্ষণ প্রতিরোধ ও প্রতিকারে সরকার তৎপর এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই হবে।

আরও পড়ুন:  মামলার জট কমানোর চ্যালেঞ্জ নিলেন অ্যাটর্নি জেনারেল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে এর আগে জানিয়েছিলেন তিনি।

করোনাকালে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা অনলাইনে ভিডিও কনফারেন্সে বৈঠকে অংশ নিচ্ছেন। সোমবারও ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র: বার্তা২৪

আর/০৮:১৪/১১ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language