সিলেটে ত্রিমুখী সংঘর্ষে সন্তানসহ চিকিৎসক নিহত

সিলেট, ২৬ ডিসেম্বর – সিলেটে ট্রাক-কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সন্তানসহ এক চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক ও অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমা হুমায়ুন চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের রেজিস্ট্রার ডা. তৌহিদুল হক চৌধুরী (৪৫) ও তার ছেলে তালহা চৌধুরী (১৬)। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।
তিনি জানান, দুর্ঘটনায় দুজন মারা গেছেন। ঘটনার পর ট্রাক ও কাভার্ডভ্যান আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা যায়, সিএনজি অটোরিকশাটি দক্ষিণ সুরমা থেকে শহরের দিকে আসছিল। অটোরিকশাটি হুমায়ূন রশীদ চত্বর পার হয়ে শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশে এলে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা ও একটি কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর আহতদের নর্থইস্ট হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৬ ডিসেম্বর ২০২৩









