উত্তর আমেরিকা

হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২১ মে – জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বর্তমানে সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ইরানের পক্ষ থেকে টোল আরোপের প্রচেষ্টাকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন।

ট্রাম্পের মতে, হরমুজ একটি আন্তর্জাতিক জলসীমা এবং এখানে কোনো দেশের একক কর্তৃত্ব বা কর আদায়ের সুযোগ নেই।

তিনি আরও উল্লেখ করেন যে, সেখানে মার্কিন নৌ-অবরোধ বর্তমানে শতভাগ কার্যকর রয়েছে যা অনেকটা লোহার দেওয়ালের মতো দুর্ভেদ্য। এই জলপথকে মুক্ত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কথা পুনরুক্ত করেন তিনি।

তবে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের বিপরীতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এই প্রণালি দিয়ে নিয়মিতভাবে অন্তত ২৪টি জাহাজ চলাচল করেছে।

মূলত চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষভাগ থেকে ওই অঞ্চলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে যার ফলে আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করে আসছে।

এনএন/ ২১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language