”ঘৃণার রাজনীতির কেন্দ্র হয়ে উঠেছে উত্তর প্রদেশ’

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর- উত্তর প্রদেশের বিতর্কিত এক আইন নিয়ে উদ্বেগ জানিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিয়েছেন ভারতের প্রথম শ্রেণীর ১০৪ সাবেক সরকারি কর্মকর্তা। এদের মধ্যে রয়েছেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর রায়, সাবেক পররাষ্ট্র সচিব নিরুপমা রাও এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা টিকেএ নায়ার। চিঠিতে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরে বলা হয়, এক সময়ে গঙ্গা-যমুনা সভ্যতার ধারক উত্তর প্রদেশ বর্তমানে ঘৃণার রাজনীতির কেন্দ্র হয়ে উঠেছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত মাসে উত্তর প্রদেশ সরকার ধর্মান্তর বিরোধী একটি অর্ডিন্যান্স জারি করে। কথিত ‘লাভ জিহাদ’ অপরাধ রুখতেই এই অর্ডিন্যান্স জারি করা হয়েছে। ডানপন্থী ষড়যন্ত্র তত্ত্বে এই লাভ জিহাদ নামকরণ হয়েছে। যাতে বলা হচ্ছে মুসলিম পুরুষেরা জোর করে প্রেমের ফাঁদে ফেলে হিন্দু নারীদের ধর্মান্তরিত করছে। ওই অর্ডিন্যান্স জারির বিরুদ্ধে অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সাবেক সরকারি কর্মকর্তারা।
চিঠিতে সংখ্যালঘু মুসলিম তরুণদের ওপর চালানো নিপীড়নের বেশ কিছু উদাহরণ তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘ধর্মান্তর বিরোধী অর্ডিন্যান্স সেইসব ভারতীয়দের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে যারা বিশেষত মুসলমান এবং সেইসব নারী যারা তাদের পছন্দের স্বাধীনতার চর্চা করছেন।’ চিঠিতে বলা হয়েছে, প্রমাণ হয়ে যাচ্ছে যে এক সময়ে গঙ্গা-যমুনা সভ্যতার ধারক হিসেবে পরিচিত উত্তর প্রদেশ গত কয়েক বছরে ঘৃণা, বিভক্তি এবং গোঁড়ামির রাজনীতির কেন্দ্র হয়ে উঠছে। আর শাসকাজে নিযুক্ত প্রতিষ্ঠানগুলো সাম্প্রদায়িকতার কারাগারে পরিণত হচ্ছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
আর/০৮:১৪/২৯ ডিসেম্বর









