সিরাজগঞ্জ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান, বিএনপি নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ, ১৭ জুন – প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেয়ার অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল। এর আগে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে রঞ্জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

‘নেত্রীকে হত্যার হুমকি দেয়া হয়েছে’ অভিযোগ করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ বলেন, শুক্রবার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে রাশেদুল হাসান রঞ্জন স্লোগান দিয়েছেন, এ লড়াই হাসিনা মারার লড়াই, এ লড়াই আওয়ামী লীগ মারার লড়াই। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ওই সমাবেশে স্লোগান দেয়ার সময় রাশেদুল হাসান রঞ্জন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, সমাবেশে আপত্তিকর স্লোগান দেয়ার অভিযোগে শুক্রবার (১৬ জুন) গভীর রাতে রাশেদুল হাসান রঞ্জনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল বলেন, সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে রাশেদুল হাসান রঞ্জনকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ জুন ২০২৩


Back to top button
🌐 Read in Your Language