শিক্ষা

শিক্ষা মন্ত্রণালয়ে চুরি: ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক ও যন্ত্রাংশ গায়েব

ঢাকা, ২৭ জুলাই – শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিভাগের ১৭ তলা থেকে অন্তত ২২টি কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং অফিসিয়াল মালামাল খোয়া গেছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহিম শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক মাহাবুব হোসেনকে অভিযুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুরি হওয়া মালামালের মধ্যে ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক, প্রসেসর, র‍্যাম ও প্রিন্টার রয়েছে। এছাড়াও কাপ-পিরিচসহ আরও কিছু প্রয়োজনীয় মালামাল নিয়ে গেছে চোর চক্র। প্রাথমিক তথ্যানুযায়ী, চুরি যাওয়া মালামালের আর্থিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।

ভবনের কক্ষগুলোর চাবি গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক মাহাবুব হোসেনের জিম্মায় থাকত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। থানায় করা অভিযোগে আরও জানানো হয়, গত ১৪ জুন এবং ২৩ জুলাই রাতে এই চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মাহাবুব হোসেনকে শনাক্ত করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সচিবালয়ের মতো সুরক্ষিত এলাকায় কীভাবে কম্পিউটার খুলে যন্ত্রাংশ নিয়ে যাওয়া হলো তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এই ঘটনার নেপথ্যে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না তাও খতিয়ে দেখছে।

বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি।

এনএন/ ২৭ জুলাই ২০২৬


Back to top button