হামলা বন্ধ হলে পাল্টা আক্রমণ থেকে বিরত থাকার ঘোষণা ইরানের

তেহরান, ২৭ জুলাই – যুক্তরাষ্ট্র যতদিন ইরানে সামরিক অভিযান বন্ধ রাখবে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা করা থেকে বিরত থাকবে ইরান। নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইরানে ক্ষমতাসীন সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা।
গত শনিবার এবং রোববার রাতে ইরানের কোনো সামরিক বা বেসামরিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন বাহিনী কোনো অভিযান পরিচালনা করেনি। একইভাবে মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেনি ইরানের প্রতিরক্ষা বাহিনীও।
এর আগে টানা তেরো দিন ধরে উভয় পক্ষ নিয়মিত বিরতিতে পরস্পরকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি কর্মকর্তা জানান যে, যুদ্ধের শুরু থেকেই ইরান হামলার জবাবে হামলা নীতি অনুসরণ করে আসছে। যুক্তরাষ্ট্র যদি তাদের অভিযান বন্ধ রাখে, তবে ইরানও সামরিক পাল্টা ব্যবস্থা নেওয়া স্থগিত রাখবে। এই বার্তার বিষয়টি ইতিমধ্যে ওয়াশিংটনকে অবহিত করা হয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘস্থায়ী উত্তজনা চলার পর গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন বাহিনী অভিযান শুরু করে। তবে বর্তমান পরিস্থিতিতে পরমাণু কর্মসূচির চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি। যুদ্ধ শুরুর পরপরই তেহরান এই প্রণালিতে অবরোধ আরোপ করে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি পণ্যের বাজারে অস্থিরতা দেখা দেয়, কারণ বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথেই সম্পন্ন হয়।
এনএন/ ২৭ জুলাই ২০২৬









