জাতীয়

প্রতিদিন ৬ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স আসছে

ঢাকা, ২৮ জানুয়ারি – সরকারের নেওয়া নানান পদক্ষেপের কারণে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় ফিরেছে। গত ডিসেম্বরের চেয়ে চলতি জানুয়ারি মাসে প্রবাসী আয় বেশি হওয়ার প্রত্যাশা করছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে দেশে প্রতিদিন গড়ে ৬ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স আসছে।

শনিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে চলতি মাসের ১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে ১৫৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গড়ে প্রতিদিন ৬ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আর একদিনে মাসের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ২৪ জানুয়ারি। ওইদিন ৭ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

গত বছরের ডিসেম্বরে প্রতিদিন গড়ে ৫ কোটি ৪৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। আর পুরো মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার। তার আগের মাসে নভেম্বরে গড়ে প্রতিদিন ৫ কোটি ৩১ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। আর পুরো মাসে মোট রেমিট্যান্স এসেছিল ১৫৯ কোটি ডলার।

বৈশ্বিক উদ্ভূত পরিস্থিতির কারণে ডলার সংকটের মধ্যে প্রবাসীদের আয়ও কমে যাওয়ায় গত অর্থবছর থেকেই বৈদেশিক লেনদেনে চাপে রয়েছে বাংলাদেশ। ২০২১-২২ অর্থবছর নেতিবাচক প্রবণতায় শেষ হয়। আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১২ শতাংশ রেমিট্যান্স কম এসেছিল। তবে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি হয়। দ্বিতীয় মাসেও সমপরিমাণ প্রবৃদ্ধি হয়। কিন্তু কমতে শুরু করে সেপ্টেম্বর ও অক্টোবরে। তবে নভেম্বর ও ডিসেম্বর রেমিট্যান্স প্রবাহ ফের ইতিবাচক ধারায় ফিরতে শুরু করে। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৮ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language