ব্যবসা

দেশের বাজারে সোনার দাম আবারও কমলো, ভরিতে কমলো ২১৫৮ টাকা

ঢাকা, ৩০ এপ্রিল – দেশের বাজারে সোনার দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ দফায় ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এর ফলে এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, গত সাত দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম চার দফায় কমানো হলো। সব মিলিয়ে এই সময়ের মধ্যে ভালো মানের সোনার দাম ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা হ্রাস পেয়েছে।

এর আগে গতকাল সোনার দাম কমানো হয়েছিল ২ হাজার ২১৬ টাকা। তারও আগে ২৮ এপ্রিল ২ হাজার ২১৬ টাকা এবং ২৩ এপ্রিল ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের ক্ষেত্রে ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করেছে বাজুস।

সোনার দাম কমলেও বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকাতেই অপরিবর্তিত রয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা বজায় রাখা হয়েছে।

এনএন/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language