মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে কঠোর হুঁশিয়ারি ইরানের

তেহরান, ৩০ এপ্রিল – যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালি ঘিরে আরোপিত নৌ অবরোধ তুলে না নেয় তবে তেহরান নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জনৈক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জানান যে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এই অবস্থানের বিপরীতে কঠোর জবাব দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন যে ইরান এখন পর্যন্ত সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে শুধুমাত্র কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দেওয়ার জন্য।

ওয়াশিংটন যাতে তেহরানের শর্তগুলো বিবেচনা করে একটি স্থায়ী সমাধানের পথে আসে সেই লক্ষ্যেই এই সুযোগ দেওয়া হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র যদি তাদের একগুঁয়েমি ও ভ্রান্ত নীতিতে অটল থেকে শর্তগুলো প্রত্যাখ্যান করে তবে এই নৌ অবরোধের বিরুদ্ধে ভিন্নধর্মী জবাব দেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

এদিকে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জাহাজ জব্দ করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বিষয়টিকে অবৈধ জবরদস্তি এবং বৈধ বাণিজ্যে হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সামুদ্রিক জলদস্যুতা হিসেবে আখ্যা দেন।

অন্যদিকে পাল্টা হুমকিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে মোজতাবা খামেনি প্রশাসন চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলো ঘিরে অবরোধ অব্যাহত থাকবে। এই নৌ অবরোধকে যুক্তরাষ্ট্রের বড় সাফল্য হিসেবে দাবি করে তিনি তেহরানকে দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানান।

এনএন/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language