জাতীয়

এপ্রিলেই এলো ২৯০ কোটি ডলার রেমিট্যান্স, ১৯ শতাংশ প্রবৃদ্ধি

ঢাকা, ২৯ এপ্রিল – দেশের অর্থনীতিতে স্বস্তির সুবাতাস দিচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। চলতি এপ্রিল মাসের প্রথম ২৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৯০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৩৯ লাখ ডলার রেমিট্যান্স।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৫০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

হিসাব অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে সর্বমোট ২ হাজার ৯১১ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি। এর আগে গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়।

পরিসংখ্যান বলছে, গত ফেব্রুয়ারি মাসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারি মাসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। এছাড়া গত ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল যথাক্রমে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার এবং ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার। অর্থবছরের শুরুর দিকে আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাই মাসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

উল্লেখ্য যে, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি দেশের ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে চিহ্নিত হয়েছে।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language