৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে বিসিক, কর্মসংস্থানের সম্ভাবনা ২ হাজার ৪৪৮ জনের

ঢাকা,১৬ নভেম্বর-দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে ৫১১ জন উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
সোমবার (১৬ নভেম্বর) বিসিক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পসচিব আব্দুন নাসের খান।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা—এই চারটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ ঋণ কর্মসূচির আওতায় নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানে ২ হাজার ৪৪৮ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে বাসসকে জানিয়েছেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।
বিসিক সূত্রে জানা গেছে, ৫১১ জন উদ্যোক্তার মধ্যে ২৩৫ জন বিদ্যমান উদ্যোক্তাকে ৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা এবং ২৭৬ জন নতুন উদ্যোক্তাকে ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা ঋণ দেওয়া হবে। এ ঋণ সুবিধা পাবেন ২৩২ জন নারী ও ২৭৯ জন পুরুষ উদ্যোক্তা। এর মধ্যে নারী উদ্যোক্তাদের জন্য ৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা এবং পুরুষ উদ্যোক্তাদের জন্য ৭ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
আঞ্চলিক কার্যালয় অনুযায়ী ঋণ বিতরণের পরিকল্পনায় ঢাকায় ১৮১ জন উদ্যোক্তাকে ৪ কোটি ৭৯ লাখ টাকা, চট্টগ্রামে ৮৯ জনকে ২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা, রাজশাহীতে ১১৮ জনকে ৩ কোটি ৩৫ লাখ টাকা এবং খুলনায় ১২৩ জনকে ৩ কোটি ৭৩ লাখ টাকা দেওয়া হবে।
খাদ্য ও খাদ্যজাত, বস্ত্র ও বস্ত্রজাত, হালকা প্রকৌশল, কৃষি ও কৃষিজাত, বন ও বনজাত, চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত, প্লাস্টিক, ইলেক্ট্রনিক্স ও সেবাসহ মোট ১৪টি শিল্প খাতে এ ঋণ বিতরণ করা হবে। এর মধ্যে খাদ্য ও খাদ্যজাত শিল্পের ২২০ জন এবং বস্ত্র ও বস্ত্রজাত শিল্পের ১২২ জন উদ্যোক্তা ঋণ সুবিধা পাবেন।
বর্তমানে বিসিক নিজস্ব তহবিলের ঋণ কর্মসূচি, ১০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঋণ কর্মসূচি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৌচাষ উন্নয়ন ঋণ কর্মসূচিসহ মোট তিনটি ঋণ কর্মসূচি পরিচালনা করছে।
আগামী পাঁচ বছরে এসব কর্মসূচির আওতায় ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণ এবং প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে বিসিকের।
এ ছাড়া শিল্পনগরীর ভেতরে ও বাইরের উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠন, রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান আবার চালু করা এবং হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে বিশেষ ঋণ তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে।
বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি দেশের সিএমএসএমই খাত আরও গতিশীল হবে। একই সঙ্গে টেকসই শিল্পায়ন ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নেও এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে।
এস এম/ ১৬ নভেম্বর ২০২৬







