রংপুর

রসিকের ২৬ নম্বর ওয়ার্ডে ফের ভোটগ্রহণ ১৫ জানুয়ারি

রংপুর, ০৫ জানুয়ারি – রংপুর সিটি কপোরেশনের (রসিক) ২৬ নং ওয়ার্ডের পুনরায় ভোট গ্রহণ আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে এম এ রাজ্জাক মণ্ডল (লাটিম), মো. শাহাজাদা আরমান (ঠেলাগাড়ি) ও মো. সাইফুল ইসলাম ফুলু (ঘুড়ি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনের ফলাফলে শাহাজাদা (ঠেলাগাড়ি) ও সাইফুল ইসলাম (ঘুড়ি) প্রতীক নিয়ে দু’জনই সমান সংখ্যক তিন হাজার ১৯৭ ভোট পান। ফলে ওই ওয়ার্ডে পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে, পুনঃভোটকে কেন্দ্র করে ওই ওয়ার্ডে তিন কাউন্সিলর প্রার্থী একে অপরের মুখোমুখি অবস্থানে রয়েছেন। শুধুমাত্র সমান ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে নির্বাচন হওয়ার সিদ্ধান্ত হলে এর প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন কাউন্সিলর প্রার্থী এম এ রাজ্জাক মন্ডল ও তার কর্মী-সমর্থকরা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৫ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language