পশ্চিমবঙ্গ

কলকাতায় আবাসিক ভবনে আগুন, গোপনে কারখানা চালানোর অভিযোগ

কলকাতা, ৫ ডিসেম্বর – ভারতের পশ্চিমবঙ্গের গড়িয়া স্টেশনের কাছের একটি বাড়িতে আগুন লেগেছে। বাড়ির ভেতরে একটি কারখানা চলতো বলে স্থানীয়রা জানিয়েছেন। সেখানে সোমবার সকালে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীল পাঁচটি ইঞ্জিন।

গড়িয়া স্টেশনের কাছে তেঁতুলবাড়িয়ায় যে বাড়িটিতে আগুন লেগেছে, সেখানে স্পিকার তৈরির কারখানা রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। কীভাবে আবাসিক ভবনের ভেতরে কারখানা চালানো হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

সকালে সেই বাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। বাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। তারাই দমকল কর্মীদের ডাকেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

দমকল বাহিনী জানিয়েছে, আগুন লেগেছে সকাল ৬ টা পাঁচ মিনিট নাগাদ। বাড়ির ভেতরে আগুনের উৎসে পানি ঢেলে তা নেভানোর চেষ্টা চালাচ্ছেন কর্মীরা। বাইরে থেকেও পানি দেওয়া হচ্ছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

বাড়িটিকে ঘিরে স্থানীয়দের ভিড় জমে গেছে। তারাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। কারখানায় দাহ্য পদার্থ থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা তাদের।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ৫ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language