অপরাধ

বাসে ঝগড়া লাগিয়ে যাত্রীর মোবাইল ফোন হাতিয়ে নিতেন তারা

ঢাকা, ২৩ অক্টোবর – রাজধানীর উত্তরা থেকে একটি চোর চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটি বাসের মধ্যে যাত্রীর সঙ্গে ঝগড়া লাগিয়ে কৌশলে মোবাইল ফোন চুরি করতো।

উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের মাস্কট প্লাজার সামনে থেকে এক যাত্রীর মোবাইল ফোন চুরি করতে গেলে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. রহমত উল্লাহ হাওলাদার (২৬), সজল হালদার (২৬) ও মো. অন্তর হাসান সজীব (২৭)।

রোববার (২৩ অক্টোবর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার প্রত্যেকেই দিনের বেলা চাকরি করেন। সজল গাড়িচালক, সজীব গার্মেন্ট শ্রমিক এবং জীবন সেনিটারি মিস্ত্রি। তাদের মূল টার্গেট বাসের যাত্রী। তিনজনই কোনো একজন যাত্রীকে ঘিরে দাঁড়ায়।

এরপর যেকোনো একজন ধাক্কা দিয়ে ঝগড়া লাগায়। ঝগড়ার এক ফাঁকে বাকি দুইজন তার পকেটে থাকা মোবাইল হাতিয়ে নেন। ঝগড়া বাঁধিয়ে কৌশলে চুরি করে বিধায় তারা খুব একটা ধরা পড়ে না। কিন্তু তাদের ধরলেই তারা হার্ট অ্যাটাক হওয়ার ভান করে, নিঃশ্বাস বন্ধ করে ফেলে, মুখে থুতু ও লালা বের করে।

ওসি মোহসীন আরও বলেন, এতে মানুষজন ভয় পেয়ে যায় এবং তাদের ধরে না। আর তারাও সুযোগ বুঝে পালিয়ে যায়। এর আগেও তারা একাধিকবার গ্রেফতার হয় এবং জেলও খাটে। মাত্র ২৫ দিন আগেই কারাগার থেকে বের হন তারা। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৩ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language