বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে ১০০ করার ঘোষণা

ঢাকা, ২১ জুন – বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে জানিয়েছেন যে ৫০তম বিসিএস থেকে এই পরিবর্তন স্থায়ীভাবে কার্যকর হবে।
রবিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে মৌখিক পরীক্ষাকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ২০১৪ সংশোধন করে এই পরিবর্তন আনা হয়। তিনি আরও জানান যে ৪৭তম বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
এছাড়া বিশেষ বিধানের আওতায় ৪৮তম ও ৪৯তম বিশেষ বিসিএসেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে। তবে ৫০তম বিসিএস থেকে পরবর্তী সব নিয়মিত বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের ভাইভা অনুষ্ঠিত হবে।
এস এম/ ২১ জুন ২০২৬









