পশ্চিমবঙ্গ

২৩ জানুয়ারি জাতীয় ছুটি চেয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি মমতার

কলকাতা, ১৮ নভেম্বর- ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে জাতীয় ছুটি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ চেয়েছেন মুখ্যমন্ত্রী। নেতাজির অন্তর্ধান রহস্যের তথ্য সামনে আনার দাবিও করেছেন তিনি।

বুধবার প্রধানমন্ত্রী মোদীকে পাঠানো চিঠিতে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকার কথা তুলে ধরে মমতা লিখেছেন, “আগামী ২৩ জানুয়ারি, ২০২২ দেশজুড়ে নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী পালিত হবে। নেতাজি শুধু বাংলার সুপুত্রই নন, তিনি জাতীয় নায়কও। তাঁর নেতৃত্বে ব্রিটিশ শাসন উপড়ে ফেলতে আজাদ হিন্দ ফৌজে যোগ দিয়ে চরম বলিদান দিয়েছেন হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী। প্রতিবছর দেশজুড়ে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়। তাই নেতাজির জন্মজয়ন্তীতে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানাচ্ছি আমরা।”

মুখ্যমন্ত্রী লিখেছেন, নেতাজি মানে একটা আবেগ। শুধু বাংলা নয়, সারা দেশ তথা বিশ্বের সব প্রান্তেই নেতাজি অনুগামীরা রয়েছেন। তাঁরা প্রত্যেকেই এই বিষয়টা জানতে চায়। এই বিষয়ে বেশ কিছু গোপন ফাইল জনসমক্ষে এনেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার এই রহস্যের সমাধান করে তা জনসমক্ষে পেশ করুক কেন্দ্র।

যদিও এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার কেন্দ্রকে এই আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে সাড়া মেলেনি। তবে ওই দিন রাজ্য সরকার ইতিমধ্যেই ছুটি ঘোষণা করে দিয়েছে।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর মোদী-মমতা, উভয়েই বেশ কিছু নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ্যে এনেছিলেন। কিন্তু তাতেও কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। এখন দেখার মুখ্যমন্ত্রীর এই চিঠি পেয়ে কী পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, গত বছরই নেতাজির মৃত্যুবার্ষিকী ১৮ অগস্ট বলে টুইট করে দেশজুড়ে বিতর্ক বাধিয়েছিল কেন্দ্রীয় সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। শুধু তাই নয়, পিআইবি-র সুরেই বিজেপির গুজরাত রাজ্য নেতৃত্বের টুইটার হ্যান্ডেলেও আপলোড করা হয়েছিল একটি ভিডিয়ো। সেই ভিডিয়োর ভয়েস ওভারে বলা হয়েছিল, ১৯৪৭ সালের ১৫ অগস্ট দেশ স্বাধীন হওয়ার সময়ে নেতাজি জীবিত ছিলেন না। কংগ্রেস হাইকমান্ডের টুইটার হ্যান্ডেলের একটি পোস্টারেও ১৮ অগস্টকে নেতাজির মৃত্যুদিন বলে উল্লেখ করা হয়েছিল। সেই সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচনের দাবিতে সরব হয়েছিলেন।

সূত্র: কলকাতা২৪x৭

আর/০৮:১৪/১৮ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language