সিলেট

সিলেটে ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা

সিলেট, ১৭ নভেম্বর- সিলেটের কুমারগাঁওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির নিয়ন্ত্রণাধীন গ্রিড লাইনে অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে ২৪ ঘণ্টার মধ্যে বিদুৎ সরবরাহ দিতে কাজ করছে পিডিবি ও পল্লী বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সিলেটের পিডিবি ও পল্লী বিদ্যুতের গ্রাহকরা বিদ্যুৎহীন অবস্থায় আছেন। এতে তাদেরকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া সিলেটের এলাকাগুলোতে ২৪ ঘণ্টার মধ্যে বিদুৎ সরবরাহ দিতে দ্রুত কাজ চলছে।

তবে একসঙ্গে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়তো সম্ভব হবে না। দুই দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেয়ার চেষ্টা করা হবে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের কুমারগাঁওয়ে অবস্থিত জাতীয় গ্রিড লাইনের দুটি ট্রান্সমিটারে আগুন লেগে যায়।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন নেভাতে গিয়ে জয়ন্ত কুমার নামে দমকল বাহিনীর এক সদস্য দগ্ধ হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক শওকত হোসেন বলেন, ট্রান্সমিটারের জ্বালানি তেল থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর সিলেট পল্লী বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে অনেক সময় লাগবে। আগুনে গ্রিড লাইন ও ট্রান্সমিটার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশকিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। পিডিবি ও পিজিসিবি একসাথে এগুলো সংস্কারে কাজ করছে। ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি সংস্কার ও পরিবর্তন করতে হবে।

আগুনের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নগরবাসীকে জানাতে দুপুর ২টা থেকে নগরীতে মাইকিং করা হয়।

এদিকেপাওয়ার গ্রিড ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ নিরূপণে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিলেট পল্লী বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীকে আহ্বায়ক করে এ তদন্ত কমটি গঠন করা হয়।কমিটিকে আগামী তিন দিনের মধ্যে নির্বাহী পরিচালক (ওএন্ডএম) পিজিসিবি বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের উপ-মহাব্যবস্থাপক রূপক মোহাম্মদ নাসরুল্লাহ্ জায়েদী স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা দেয়া হয়।

সূত্র: ঢাকাটাইমস

আর/০৮:১৪/১৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language