আমিরাত প্রবাসীদের জন্য হটলাইন চালু করছে সরকার

ঢাকা, ৩১ জুলাই – সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে আসা যেসব প্রবাসী বাংলাদেশি ভিসা বাতিলের শিকার হয়েছেন, তাদের সহায়তায় বিশেষ হটলাইন চালু করতে যাচ্ছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, প্রবাসীদের সমস্যা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতেও একটি জরুরি হটলাইন চালু করা হবে। এর মাধ্যমে ভুক্তভোগীদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে। প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে অত্যন্ত আন্তরিক এবং প্রধানমন্ত্রী স্বয়ং তাদের সমস্যার বিষয়ে সজাগ রয়েছেন।
দুই মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় বিদ্যমান সমস্যাগুলো দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান। বিশেষ করে যেসব দেশে যুদ্ধ বা অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট রয়েছে, সেসব দেশের স্পর্শকাতর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের মন্তব্য বা প্রচারণা চালানো থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট দেশের আইনেও এসব কর্মকাণ্ড নিষিদ্ধ বলে তিনি স্মরণ করিয়ে দেন। বিদেশে বাংলাদেশের শ্রমবাজার এবং ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন কিছু অপরাধের কারণে পুরো দেশ প্রশ্নবিদ্ধ হতে পারে না। বিশেষ করে জাল নথিপত্র জমা দেওয়ার প্রবণতা বন্ধ করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
বর্তমান আইনে জাল নথি ব্যবহারের শাস্তি সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড। এখন থেকে এ ধরনের জালিয়াতি ধরা পড়লে নথি জব্দ করার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে আইন সংশোধন করে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করার কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অংশীদারদের কাছে বাংলাদেশ স্পষ্ট বার্তা দিতে চায় যে অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না।
এস এম/ ৩১ জুলাই ২০২৬









