২০০ আসন পেয়ে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি, হুঙ্কার বিজেপি নেতা অমিতের

কলকাতা, ১৬ নভেম্বর- বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন। আর তা পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে কলকাতা পৌঁছলেন বিজেপি নেতা অমিত মালব্য। আর কলকাতায় পা রেখেই মমতা সরকারকে হুঁশিয়ারি বিজেপির আইটি সেলের প্রধানের। তাঁর সাফ হুঁশিয়ারি, বাংলায় তৃণমূলের দিন শেষ।
শুধু তাই নয়, বাংলার মানুষ আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতা থেকে তৃণমূল সরকারকে সরানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলেও দাবি তাঁর। অমিত মালব্যের দাবি, পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন জিতে ক্ষমতায় আসবে বিজেপি। উল্লেখ্য, এর আগেও বাংলায় এসে অমিত শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলায় ২০০-র বেশি আসন পাবে বিজেপি।
উল্লেখ্য, বিহারে জয়। নীতিশ মুখ্যমন্ত্রী হলেও সংখ্যার বিচারে এগিয়ে বিজেপি। এবার তাই টার্গেট বাংলা। গত লোকসভা নির্বাচনে প্রথমবার বাংলায় অভূতপূর্ব ভালো ফল করতে দেখা যায় বিজেপিকে। এবার বিধানসভা নির্বাচনে বাজিমাৎ করতে উঠে পড়ে লেগেছে বিজেপি।
ইতিমধ্যেই ঘুরে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বেসর্বা অমিত শাহ। বার্তা দিয়ে গিয়েছেন মমতা সরকারকে। কিন্তু আসন্ন নির্বাচনে দায়িত্ব কে পাবে? নির্বাচনকে সামনে রেখেই বড়সড় রদবদল বিজেপিতে।
এতদিন পর্যবেক্ষক হিসেবে বাংলার দায়িত্ব সামলেছেন কৈলাশ বিজয়বর্গী। এখনও তাঁর উপরেই আস্থা রাখছে বিজেপি নেতৃত্ব। পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন তিনিই। তবে এবার তাঁর সহযোগী হিসেবে বাংলায় কাজ করবেন বিজেপির আইটি সেলের চিফ অমিত মালব্য। মমতার হাত থেকে বাংলা কারতে কোনও ফাঁকই রাখতে চায় না বিজেপি। আর সেই কারণে অমিত মালব্যকে বিশেষ দায়িত্ব বিজেপির। আর এই দায়িত্ব পাওয়ার পরেই কলকাতায় পা রাখলেন অমিত মালব্য।
সূত্র : কলকাতা২৪x৭
আর/০৮:১৪/১৬ নভেম্বর









