হবিগঞ্জ

দেশে ফিরলেন সৌদি প্রবাসী গৃহকর্মী শিল্পী আক্তার

হবিগঞ্জ, ১৬ আগস্ট – সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় দেশে ফিরেছেন সেখানে কর্মরত গৃহকর্মী শিল্পী আক্তার। দেশে বাবা মায়ের কাছে ফিরতে পেরে দূতাবাসের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শিল্পী আক্তার।

গত রোববার ঢাকা পৌঁছেছেন শিল্পী আক্তার। আজ মঙ্গলবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

হবিগঞ্জের চুনারুঘাট এলাকার সৌদি প্রবাসী শিল্পী আক্তার সম্প্রতি দেশে ফেরার আকুতি জানিয়ে তার পরিবারের কাছে টেলিফোনে জানান। পরে বিষয়টি দূতাবাসের নজরে এলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাৎক্ষণিকভাবে দূতাবাসের শ্রম কল্যাণ উইংকে গৃহকর্মী শিল্পী আক্তারকে তার পাওনা আদায় করে জরুরি ভিত্তিতে দেশে ফেরানোর নির্দেশনা দেন।

এরপর দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে কর্মরত বাংলাদেশি গৃহকর্মী শিল্পী আক্তারের কর্মস্থলের ঠিকানা ও পাসপোর্ট নম্বর সংশ্লিষ্ট বাংলাদেশি এজেন্সির সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করে।

দূতাবাসের আইন সহকারী সৌদি শ্রম মন্ত্রণালয়ের সহায়তা বিভাগ ও দেশটির আল-কাসিম অঞ্চলের সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের সহায়তায় ঘটনাস্থল পরিদর্শন করে। পরে গৃহকর্মী শিল্পী আক্তারের নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে তার পাওনা পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া সৌদি শ্রম আইন অনুযায়ী নিয়োগকর্তার খরচে তাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়। গত ১৪ আগস্ট দেশে পৌঁছেছেন শিল্পী আক্তার।

সূত্র: আমাদের সময়
এম ইউ/১৬ আগস্ট ২০২২


Back to top button
🌐 Read in Your Language