বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনায় অনড় ফিফা

ওয়াশিংটন, ৩১ জুলাই – বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। তবে এই সমালোচনা সত্ত্বেও সংস্থাটি জানিয়েছে, তারা এ বিষয়ক আলোচনা ও পরামর্শ প্রক্রিয়া অব্যাহত রাখতে চায়।
ফিফার এই প্রস্তাবের বিরুদ্ধে শুরুতেই অবস্থান নিয়েছে ইউরোপীয় ফুটবলের ৫৫টি সদস্য সংস্থা নিয়ে গঠিত উয়েফা। পরবর্তীতে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফও তাদের ৪১টি সদস্য সংস্থার পক্ষ থেকে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে ফিফা জানায়, সংবাদমাধ্যমে ভুল প্রতিবেদনের কারণে তাদের পূর্বপরিকল্পিত আলোচনা প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। প্রতিটি সদস্য সংস্থা যেন সঠিক তথ্যের ভিত্তিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতেই এই আলোচনা চালিয়ে যাওয়া হবে।
একই সঙ্গে সংস্থাটি স্পষ্টভাবে দাবি করেছে যে, তারা ফুটবল বিক্রি করছে না। ফিফার মূল লক্ষ্য হলো একটি নতুন বাণিজ্যিক অঙ্গসংগঠন তৈরি করা, যা পুরুষ ও নারী বিশ্বকাপসহ প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনা করবে এবং যেখানে বাইরের বিনিয়োগকারীরা শেয়ার কেনার সুযোগ পাবেন।
এই প্রস্তাব পাসের জন্য ফিফার ২১১টি সদস্য সংস্থার মধ্যে অন্তত ১০৬টি ভোটের প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে উয়েফা ও কনকাকাফ মিলিয়ে ৯৬টি সদস্য দেশ এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেওয়ায় ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
ফিফা আরও জানিয়েছে, তারা সদস্যদের উদ্বেগ ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল এবং একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হলো ফিফার প্রতিটি সদস্য সংস্থার জন্য বাণিজ্যিক সুযোগ নিশ্চিত করা এবং ফুটবলের নিজস্ব মূল্যবোধ বজায় রাখা।
এস এম/ ৩১ জুলাই ২০২৬









