সিনেটর হিসেবে শপথ নিলেন কলম্বিয়ার সাবেক নীল ছবির তারকা ওমানিয়া

বোগোটা, ৩১ জুলাই – কলম্বিয়ার জাতীয় সংসদে সিনেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন সাবেক প্রাপ্তবয়স্ক ছবির অভিনেত্রী ডেইসি আলিজান্দ্রা ওমানিয়া অরতিজ। সামাজিক গোঁড়ামির দেয়াল ভেঙে বামপন্থী রাজনৈতিক দল হিস্টোরিক প্যাক্ট এর প্রার্থী হিসেবে দেশটির রাজধানী বোগোটা থেকে তিনি জয়লাভ করেন।
গত ২০ জুলাই এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। নীল ছবির শিল্পে কাজ করা তরুণ ও প্রাপ্তবয়স্ক কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শ্রম অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সুরক্ষা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়েই রাজনীতিতে তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন।
৩৩ বছর বয়সী এই রাজনীতিক বিনোদন জগতে আমারান্তা হ্যাংক নামে পরিচিত হলেও পেশাগত জীবনের শুরুতে তিনি একজন পেশাদার সাংবাদিক ছিলেন। পরবর্তীতে তিনি অ্যাডাল্ট কনটেন্ট ক্রিয়েশনে যোগ দেন এবং সেখানে মাত্র দুই বছর কাজ করার পর রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।
নির্বাচন চলাকালে ওমানিয়া বলেন, এই ইন্ডাস্ট্রির নারীরা বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় সুরক্ষাহীনতায় ভুগছেন। ভুল তথ্য, কুসংস্কার এবং সামাজিক দ্বিমুখী নীতির কারণে কেউই এই খাতটিকে প্রাতিষ্ঠানিক নিয়মের মধ্যে আনার উদ্যোগ নেয়নি। তিনি আরও জানান, অন্যান্য স্বাভাবিক পেশার মতো এই খাতের কর্মীদের জন্যও নির্দিষ্ট নীতিমালা ও সঠিক শ্রম অধিকার নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।
বিগত জীবনের কাজের কারণে তীব্র কটাক্ষের মুখোমুখি হলেও তা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করেছেন ওমানিয়া। নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে তিনি প্রশ্ন তোলেন, যে নারী একসময় প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পে যুক্ত ছিলেন, তিনি কেন জনগণের প্রতিনিধি হতে পারবেন না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওমানিয়া রাজনীতিতে আসা প্রথম অ্যাডাল্ট তারকা নন। ইতালি পার্লামেন্টের সাবেক প্রতিনিধি ইলোনা স্ট্যালের উদাহরণ টেনে ওমানিয়া নিজেকে সেই ধারারই অংশ বলে উল্লেখ করেন।
তা ছাড়া ইতালির মোয়ানা পজ্জি কিংবা ২০১৮ সালে ব্রাজিলের সাঁও পাওলো থেকে নির্বাচিত আলেকজান্দ্রে ফ্রোতার মতো ব্যক্তিত্বরাও অতীতে এই শিল্প থেকে এসে সফল রাজনীতি করেছেন।
নিজের বিজয়ে প্রতিক্রিয়া জানিয়ে ওমানিয়া বলেন, রাজনৈতিক রূপান্তরের একটি বড় প্রক্রিয়া শুরু হয়েছে যা পৌঁছাতে এখনও দীর্ঘ পথ বাকি। ওমানিয়ার রাজনৈতিক কর্মসূচিতে মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও যৌন নির্যাতন প্রতিরোধের মতো বিষয়গুলোও স্থান পেয়েছে।
কলম্বিয়ার দারিদ্র্যপীড়িত কুভুটা অঞ্চলে শৈশব কাটানো ওমানিয়ার জীবন ছিল বেশ কঠিন। নীল ছবির শুটিংয়ে নানা অনিয়মের কথা জানতে পেরে তিনি সেই জগত চিরতরে ত্যাগ করে জাতীয় রাজনীতিতে প্রবেশ করার সিদ্ধান্ত নেন।
এস এম/ ৩১ জুলাই ২০২৬









