বলিউড

‘ডিডিএলজে’তে শাহরুখের চরিত্রে ব্রিটিশ অভিনেতা, ভক্তদের ক্ষোভ

মুম্বাই, ৭ আগস্ট – বলিউডে সেরা একটি রোমান্টিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ভক্তরা ছবিটিকে ‘ডিডিএলজে’ বলে ডাকেন। শাহরুখ খান ও কাজল জুটির বক্স অফিস হিট সিনেমা এটি। ১৯৯৫ সালে মুক্তি পায় আদিত্য চোপড়া পরিচালিত প্রথম সিনেমা ‘ডিডিএলজে’।

মুক্তির দীর্ঘদিন পার হয়ে গেলেও আজও বলিউডে কান পাতলে শোনা যায় সিনেমাটি সম্পর্কে। বর্তমান সময়ের দর্শকদের কাছেও সমান জনপ্রিয় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। রাজ আর সিমরানের রোমান্স, ছবির গানগুলো আজও দর্শক হৃদয়ে নাড়া দিয়ে যায়।

এই ছবি দিয়েই শাহরুখ রোমান্টিক নায়কের তকমা পেয়েছিলেন। অনেকদিন ধরে অনেকেই সিনেমাটির রিমেক দেখতে চাইছেন। শেষ অবধি আদিত্য চোপড়ার হাত ধরেই ফিরছে ডিডিএলজি।

তবে রিমেক নয়, যুক্তরাষ্ট্রের ব্রডওয়ে থিয়েটারে। ‘কাম ফল ইন লাভ-ডিডিএলজে মিউজিক্যাল’ নামে নাটকের মাধ্যমে মঞ্চেই তুলে ধরা হবে রাজ আর সিমরানের প্রেমের গল্প। প্রযোজনা ও পরিচালনায় আদিত্য নিজেই।

তবে রাজের ভূমিকায় দেখা মিলবে ব্রিটিশ অভিনেতা অস্টিন কোলবির। অন্যদিকে সিমরানের চরিত্রে থাকছেন শোভা নারায়ণ। ‘কাম ফল ইন লাভ-ডিডিএলজে’ নামের মিউজিক্যাল নাটকটিতে চরিত্রগুলোর নাম পরিবর্তন হয়েছে। রাজের চরিত্রের নাম এখানে রগ। সামাজিক যোগাযোগমাধ্যমে অস্টিন নিজেই জানিয়েছেন বিষয়টি নিয়ে।

শাহরুখকে ট্যাগ করে অস্টিন কোলবি লিখেছেন, ‘কিছুদিন আগেই শুনেছিলাম ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাটির গল্প নিয়ে কাজ হতে যাচ্ছে। আদিত্য চোপড়াকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেয়ার জন্য। আমি আশা করি, আপনাকে আশাহত করব না।’

এর আগে এক বিবৃতিতে চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়া জানিয়েছিলেন, ‘আমি ইন্দো আমেরিকান গল্প নিয়ে কাজ শুরু করেছি। ডিডিএলজে ২৬ বছর পর আমি গল্পটা ফিরিয়ে আনতে যাচ্ছি। এখানে একজন আমেরিকান ছেলে ও একজন ভারতীয় মেয়ের প্রেমের গল্প তুলে ধরা হবে।

এ দুটি সংস্কৃতির প্রেমের গল্প বিশ্বে তুলে ধরতে যাচ্ছি। তবে এবারে সিনেমা নয় বরং থিয়েটারে। ২৬ বছর পর আমি আবারো ডিডিএলজে পরিচালনা করব, তবে এবার বিশ্বব্যাপী দর্শকদের ইংরেজি ভাষার ব্রডওয়ে মিউজিক্যাল হিসেবে।’

তবে এ খবরে চটেছেন শাহরুখ ভক্তরা। কেননা ডিডিএলজে অনেকের কাছে আবেগ আর স্মৃতি জাগানিয়া একটি নাম। সেখানে একজন ব্রিটিশ অভিনেতাকে মেনে নিতে পারছেন না তারা। সেইসঙ্গে সিনেমার প্রধান দুটি চরিত্রের পরিবর্তনও মানতে পারছেন না।

সামাজিক মাধ্যমে নিজের মতামত জানিয়েছেন তারা। অনেক দর্শক বলছেন, ‘শাহরুখ আর কাজল ছাড়া মঞ্চে ডিডিএলজে দেখতে যাব কেন?’

কেউবা সরাসরি বলেছেন, ‘শাহরুখের জায়গায় একজন ব্রিটিশ শ্বেতাঙ্গ অভিনেতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

আইএ/ ৭ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language