উত্তর আমেরিকা

ওয়াশিংটনের রাস্তায় ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ

ওয়াশিংটন, ১৫ নভেম্বর- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কথিত ভোট জালিয়াতির প্রতিবাদে ওয়াশিংটন ডিসির রাস্তায় বিক্ষোভ করেছেন কয়েক হাজার ট্রাম্প সর্মথক।

ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানধারী পতাকা নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে এদিন যোগ দেয় প্রাউড বয়েসসহ উগ্র ডানপন্থী দলের সদস্যরাও। এসময় অনেকের শরীরেই বুলেটপ্রুফ ভেস্ট পরা ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার দুপুরে হোয়াইট হাউসের পূর্ব দিকে ফ্রিডম প্লাজার কাছে সমবেত হন বিক্ষোভকারীরা। পরে সুপ্রিম কোর্টের দিকেও যেতে চেয়েছিলেন তারা।

এ বিক্ষোভ সমাবেশকে একাধিক নামে অভিহিত করেছেন অংশগ্রহণকারীরা। কেউ কেউ ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর সংক্ষিপ্ত রূপ এমএজিএ ব্যবহার করে নাম দিয়েছেন ‘মিলিয়ন মাগা মার্চ’, কেউ বলেছেন ‘মার্চ ফর ট্রাম্প’, কেউ আবার ভোট জালিয়াতির অভিযোগে দিকে ইঙ্গিত করে সমাবেশের নাম দিয়েছেন ‘স্টপ দ্য স্টিল’।

ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছিলেন, তিনি সমর্থকদের উদ্দেশে হ্যালো বলার জন্যে সমাবেশে থামতে পারেন।

শনিবার বিক্ষোভ চলাকালে এর পাশ দিয়ে গাড়িবহর নিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। তবে সেখানে না দাঁড়িয়ে সোজা ভার্জিনিয়ায় নিজের গলফ ক্লাবে চলে যান ট্রাম্প। অবশ্য গাড়িতে বসেই জানালা দিয়ে হাসিমুখে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন তিনি।

পরে বিক্ষোভের একটি ভিডিও রিটুইট করে এ রিপাবলিকান নেতা লিখেছেন, ‘আমরাই জিতব!’

যদিও বেশিরভাগ গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইতোমধ্যেই ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

এদিকে, ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ সমাবেশের জবাবে পাল্টা সমাবেশের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের বামপন্থী দলগুলো। তবে এখন পর্যন্ত দুইপক্ষের মধ্যে বড়ধরনের কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি।

সূত্রঃ বিবিসি
আডি/ ১৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language