পরিস্থিতি ভালো না থাকলে কুসিক নির্বাচন স্থগিত হবে: নির্বাচন কমিশনার

কুমিল্লা, ১৩ জুন – নির্বাচন কমিশনার ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব বলেছেন, কুসিক নির্বাচনে এখনো পর্যন্ত কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়নি। ভোটের মাঠের পরিস্থিতি ভালোই আছে। পরিস্থিতি যদি ভালো না থাকে, তাহলে নির্বাচন স্থগিত করা হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে।
সোমবার দুপুর ১ কুমিল্লার ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়মে প্রিজাইডিং অফিসারদের ব্রিফিংয়ে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার ইতিমধ্যে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার একজন জনপ্রতিনিধি। উনারা আইন প্রণয়ন করেন। যদি উনারাই আইন না মানেন তাহলে আর কী বলার আছে! উনাকে তো আর আমরা টেনে হিচড়ে নামাতে পারি না। এখানে কার ইজ্জত গেলো আপনারাই বুঝে নিন।
এ সময় এমপি বাহারের কুমিল্লায় অবস্থানের বিষয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, তিনি আইন অমান্য করে নির্বাচনি এলাকায় আছেন। আইনের কিছু ফাঁক ফোকর তিনি ব্যবহার করছেন।
এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) মাহবুবার রহমান সরকার, নির্বাচন কমিশন সচিবালয় (প্রকল্প পরিচালক,ইভিএম প্রকল্প) কর্নেল সৈয়দ রাকিবুল হাসান,কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার,কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ১৩ জুন







