রাতে পালিয়ে যাচ্ছিলেন বিয়ে করতে, অতঃপর …

টাঙ্গাইল, ১১ নভেম্বর – টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে যাওয়ার সময় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের দাশতার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রেমিক-প্রেমিকা ছাড়াও তাদের সহযোগিতাকারী এক বন্ধু ছিলেন।
নিহতরা হলেন- সদর উপজেলার কাকমারা এলাকার আবদুল মান্নানের মেয়ে মমতা (১৫), সে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাথী। আর দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আবদুল বারেকের ছেলে শুভ আক্তার সানি (১৮) এবং তার বন্ধু বাপ্পি (২২) করটিয়া বাইপাস এলাকার মোস্তফার ছেলে।
আরও পড়ুন : রাঙামাটির কাপ্তাইয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলে নাগরপুরের ডুবুরিয়া গ্রামের নানাবাড়ি থেকে পালিয়ে দুই কিশোর-কিশোরী টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় সহযোগিতা করতে তাদের এক বন্ধুও মোটরসাইকেলে ছিল। রাত ১টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
সুত্র : আমাদের সময়
এন এ/ ১১ নভেম্বর









